আশুলিয়ায় পুলিশের তল্লাশি চৌকির কাছে ব্যবসায়ী খুন
ঢাকার আশুলিয়ার বিশমাইল এলাকায় গতকাল রোববার ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিনোদ আলী (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকার ধামরাইয়ের কেলিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন মাংস ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, বিনোদ আলী গতকাল ভোর চারটার দিকে প্রতিবেশী সাদ্দাম হোসেন (১৮) ও ছোট ভাই ওমর আলীকে (৪০) সঙ্গে নিয়ে কেলিয়ার বাড়ি থেকে বের হয়ে অটোরিকশায় করে আশুলিয়ার আমতলা যাচ্ছিলেন। তাঁদের ওই বাজারে গরু জবাই করে বিক্রি করার পরিকল্পনা ছিল। পথে ভোর পৌনে ছয়টার দিকে বিশমাইল-জিরাবর সড়কের পুলিশের তল্লাশি চৌকির কাছে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত বিনোদ মাটিতে লুটিয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। এ ব্যাপারে ওমর আলী বাদী হয়ে গতকালই আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাদ্দাম ও ওমর জানান, বিনোদ নিজেই অটোরিকশাটি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর চার-পাঁচজন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে দাঁড়ায়। এরপর অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করলে তাঁরা ছিনতাইকারীদের ওপর চড়াও হন। এ সময় বিনোদকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
আশুলিয়া ও ধামরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, গত শনিবার দিবাগত রাতে বিশমাইল এলাকার পুলিশের তল্লাশি চৌকিতে দায়িত্ব পালন করেন তিন কনস্টেবলসহ এসআই হাবিবুর রহমান। তাঁরা দায়িত্বে থাকার পরও ওই এলাকায় গতকাল ভোরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।