এক নারী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গতকাল রোববার সকালে আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। পুলিশ ও শ্রমিকেরা জানান, আশুলিয়ার নরসিংহপুরে দ্যাটস ইট স্পোর্টসওয়্যার লিমিটেড নামে হা-মীম গ্রুপের কারখানা থেকে গত শুক্রবার সন্ধ্যায় পারুল আক্তার (২২) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। কারখানার শ্রমিকদের অভিযোগ, এক সহকর্মীর সঙ্গে পারুল আক্তারের সম্পর্ক ছিল। তিনি বিয়ে করতে রাজি না হওয়ায় মেয়েটি আত্মহত্যা করেছেন। ওই যুবককে গ্রেপ্তার করার দাবিতে গতকাল সকালে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর শতাধিক কারখানায় ছুটি দেওয়া হয়।ছুটি ঘোষণার পর আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। সকাল ১০টার দিকে পুলিশ শ্রমিকদের ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, মেয়েটি আত্মহত্যা করেছেন। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার শালদই গ্রামের মঞ্জু মিয়ার মেয়ে।