আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে আশুলিয়ায় তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন ও পারিশ্রমিক বাড়ানোর দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন। এ সময় একটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে অর্ধশত শ্রমিক আহত হন। পরে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ভেতরে অবস্থিত হেলিকন সোয়েটার লিমিটেডের সকালের পালার শ্রমিকেরা গতকাল ভোর ছয়টার দিকে কর্মস্থলে উপস্থিত হয়ে সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবি জানান। কিন্তু কর্মকর্তারা অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিনসহ কয়েকজন কর্মকর্তাকে মারপিট ও কারখানার ভেতরে সামান্য ভাঙচুর করেন। পরে তাঁরা কারখানা থেকে বের হয়ে ডিইপিজেডের সামনে নবীনগর-কালিয়াকৈর সড়কে গিয়ে অবস্থান নেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে আশুলিয়া থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বলে। এতে শ্রমিকেরা আরও ক্ষিপ্ত হয়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। তখন শ্রমিকদের ধাওয়া করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। প্রায় এক ঘণ্টা ধরে পাল্টাপাল্টি ধাওয়া চলার পর পুলিশ কয়েকটি ফাঁকা গুলি করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। সংঘর্ষে কমপক্ষে অর্ধশত শ্রমিক আহত হন বলে শ্রমিকেরা দাবি করেন। শিল্প পুলিশের আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেছুর রহমান জানান, শ্রমিকদের মারপিটে কারখানাটির জিএমসহ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।ডিইপিজেড ও কারখানার নিরাপত্তাকর্মীদের বাধার কারণে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।এদিকে বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার নিউ এজ নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সকাল আটটার দিকে কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন। দিনভর বিক্ষোভের পর কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করলে বিকেল সাড়ে চারটার দিকে শ্রমিকেরা বাড়ি চলে যান।এ ছাড়া, বার্ষিক বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ার কাঠগড়া এলাকার ডেকো গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সকাল ১০টা থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। কর্তৃপক্ষের সঙ্গে বচসার একপর্যায়ে শ্রমিকেরা কারখানার ভেতরে সামান্য ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ জানায়, শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকলে কর্তৃপক্ষ দুপুর দেড়টার দিকে কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা চলে যান। কারখানার ভেতরে যাওয়া সম্ভব না হওয়ায় কারখানা দুটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল ও শিল্প পুলিশের আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেছুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।