আটক ব্যক্তি 'বন্দুকযুদ্ধে' নিহত
ঢাকার আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে নবীনগরের অদূরে চারিগ্রাম এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়। পুলিশের তথ্যমতে, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম রাসেল দেওয়ান (৩০)। বাবার নাম পিয়ার আলী দেওয়ান। বাড়ি আশুলিয়ার নিরিবিলি তাকসুর এলাকায়।
আশুলিয়া থানা-পুলিশের ভাষ্য, গতকাল গভীর রাতে নিরিবিলি হাউজিং এলাকা থেকে রাসেলকে আটক করা হয়। তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে অভিযানে যায় পুলিশ। চারিগ্রাম এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় রাসেল। তাঁকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পিস্তল, সাতটি গুলি, একটি চাইনিজ কুড়াল, কয়েকটি ছোরা উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, বন্দুকযুদ্ধে এই ঘটনায় তাদের তিন সদস্য আহত হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, রাসেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।