আশুলিয়ায় পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় গতকাল বুধবার শ্রমিকেরা দুই কর্মকর্তাকে মারধর করে আহত করেন। এ ঘটনার পর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে।পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার কাপড় ইস্ত্রি করার পারিশ্রমিক নিয়ে কারখানার আয়রন বিভাগের শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের বাগিবতণ্ডা হয়। এ সময় শ্রমিকেরা এক কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার পর মঙ্গলবারই কর্তৃপক্ষ আয়রন বিভাগের ১৪০ জন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন।গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে ছাঁটাইয়ের খবর জানতে পারেন। এ খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকেরা একযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) শহীদুল ইসলাম শ্রমিকদের নিয়ে আলোচনায় বসে সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু এর পরও শ্রমিকেরা উত্তেজিত হয়ে শহীদুল ইসলাম ও মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা গনি আমিনকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রমিকেরা অভিযোগ করেন, আয়রন বিভাগের শ্রমিকদের দিয়ে বেশি কাজ করানো হলেও পারিশ্রমিক দেওয়া হয় কম। দীর্ঘদিন ধরেই তাঁরা এ বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের দাবি না মেনে আগের মতোই পারিশ্রমিক দিতে থাকে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানার জন্য ওই কারখানায় গেলেও নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেননি। তখন জিএম শহীদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ওই কারখানায় শ্রমিক অসন্তোষ ও কারখানাটি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।