আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক অসন্তোষের মুখে ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার সেতারা গার্মেন্টস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা বন্ধ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বুধবার সকালে কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সহকর্মীকে চাকরিতে পুনর্বহালের দাবিসহ ১২ দফা দাবিতে সেতারা গার্মেন্টস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গত শনিবার থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ করে আসছিলেন। শ্রমিক অসন্তোষের মুখে কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়।গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে এসে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ করেন। এরপর শ্রমিকেরা মূল ফটক ভেঙে কারখানার ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে শ্রমিকেরা ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ শ্রমিকদের ধাওয়া করে। শ্রমিকেরাও পুলিশকে ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে কারখানার সামনে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ হালকা লাঠিপেটা করে শ্রমিকদের আবারও ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এরপর শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে ধাওয়া করলে পুলিশও পাল্টা ধাওয়া করে। উভয় পক্ষের মধ্যে আবারও পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে পুলিশের তাড়া থেয়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।কারখানার শ্রমিকেরা অভিযোগ করেন, মালিক ও কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে না নিয়ে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এর পরও প্রশাসন ও বিজিএমইএর পক্ষ থেকে সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম কারখানাটি বন্ধ করে দেওয়াসহ শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন।