আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিভেছে
আশুলিয়ার ইউনিক এলাকায় বাংলা-জাপান ট্রেডিং লিমিটেড নামের পোশাক কারখানায় লাগা আগুন আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুরোপুরি নেভানো হয়েছে। সকাল আটটার দিকে এ আগুন লাগে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব কুমার রায় জানান, সকাল সাড়ে সাতটার দিকে তাঁরা নিয়মিত সভা করছিলেন। সাতটা ৫৫ মিনিটে কারখানার একজন নিরাপত্তা কর্মী এসে জানান, সাততলা ভবনের ওপরের তলায় আগুন লেগেছে। তাঁরা দ্রুত নিচে নেমে আসেন। সাততলার দক্ষিণ দিক থেকে ধোঁয়া বের হতে দেখেন। খবর দিলে সকাল আটটা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনার সময় শ্রমিকেরা কারখানায় আসতে শুরু করেন।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুর হামিদ জানান, ডিইপিজেডের চারটি, কালিয়াকৈরের দুটি, টঙ্গীর একটি, সাভারের দুটি ও সদর দপ্তরের একটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা সহায়তা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
কারখানা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।