আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকার অদূরে আশুলিয়ার নরসিংহপুরে আজ শনিবার রাতে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে বহিরাগত একজনকে আটক করেছে পুলিশ।
রাত ৯টার দিকে মেডলার অ্যাপারেল নামের পোশাক কারখানার আটতলা ভবনে এই আগুন লাগে। আড়াই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাত সাড়ে ১১টার দিকে আগুন নিভিয়ে ফেলে। এ সময় আবদুল্লাপুরের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, রাত সাড়ে ১১টার দিকে ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভবনটির ছাদে আটজন আটকা পড়েছিলেন। তাঁদের উদ্ধার করা হয়েছে। তাঁরা সামান্য আহত হয়েছেন।
কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আটতলা ভবনের পেছনের দিকে দোতলা থেকে এই আগুনের সূত্রপাত। ভবনটির নিচতলায় ওয়্যারহাউস ও দোতলায় কাটিং সেকশন। তিন তলা থেকে আট তলা পর্যন্ত ফিনিশিং এবং সুইং সেকশনের কাজ হয়। এখন পর্যন্ত আটজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নেভাতে টঙ্গী, উত্তরা, সদর দপ্তর, ধামরাই, সাভার ও ইপিজেড ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে।
উত্তরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। ভবনটির দ্বিতীয় তলার মধ্যে আগুন সীমাবদ্ধ ছিল।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার ছামিনুর রহমান বলেন, দোতলা থেকে আগুনের সূত্রপাত হলেও তিন তলা ও চার তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে।
মেডলার অ্যাপারেলের মহাব্যবস্থাপক শহিদুল হক বলেন, রাত আটটার দিকে কারখানা ছুটি হয়ে গেছে। এরপরও দেখাশোনার জন্য কয়েকজন কারখানায় ছিলেন। এ কারণে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম বলেন, ভবনটিতে আগুন লাগার ঘটনায় জড়িত সন্দেহে বহিরাগত এক যুবককে আটক করা হয়েছে।
আরও পড়ুন...
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন