আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার গৌরীপুরের চানগাঁও এলাকায় গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে বেস্ট ওয়ান নামের একটি সোয়েটার কারখানার মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে। আগুনে কারখানাসংলগ্ন একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। আগুনে কারখানার প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শিল্প পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এলাকাবাসী কারখানার আধাপাকা একতলা ভবনের ভেতরে আগুন জ্বলতে দেখেন। তাঁরা দ্রুত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার মালামালসহ পাশের একটি বাড়ির কয়েকটি ঘরও পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট মিলেও আগুন নেভাতে না পেরে সাভার ফায়ার সার্ভিসসহ ঢাকা সদর দপ্তরে খবর দেওয়া হয়। পরে সদর দপ্তর থেকে একটি এবং সাভার থেকে আরও দুটি ইউনিট গিয়ে ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ মিয়া বলেন, আগুনে কারখানাটির প্রায় সব মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে। প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এখনো আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।