আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার কবীরপুরে মানামি ফ্যাশনস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় গত সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কারখানার চতুর্থ তলার গুদামের সব মালামাল পুড়ে গেছে। চতুর্থ তলার মেঝে, ছাদ ও পঞ্চম তলার ছাদ ব্যবহার অনুপযোগী ঘোষণা করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি দল পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে ১১ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার দুপুরে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় পাঁচজন অগ্নিনির্বাপণকর্মী অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, সোমবার রাত আটটার দিকে কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলার শ্রমিকদের ছুটি দেওয়া হলেও নিচতলার শ্রমিকদের ছুটি দেওয়া হয় রাত একটায়। কারখানার নিরাপত্তা তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে চতুর্থ তলার পেছন থেকে ধোঁয়া বের হয়। মিনিট দশেকের মধ্যে এ তলার জানালা দিয়ে আগুনের শিখা বের হতে থাকে। এ সময় তিনি ঘটনাটি মুঠোফোনে কর্তৃপক্ষসহ ফায়ার সার্ভিসকে জানান। রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। এরপর একে একে গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর, ঢাকার ধামরাই, সাভার ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এবং রাজধানীর তেজগাঁও ও সদর দপ্তর থেকে ফায়ার সার্ভিসের নয়টি দল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরও প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকে গুদামের ভেতর থেকে। এ সময় কাজ করতে গিয়ে আহাম্মদ আলী, নুরুল ইসলাম, আবুল বাশার, ফকরুল ও সিদ্দিকুর রহমান নামে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের স্থানীয় বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।জহিরুল আরও জানান, ধোঁয়া উপেক্ষা করে ফায়ার সার্ভিসের কর্মীরা চতুর্থ তলার ভেতরে গিয়ে পানি ছিটাতে থাকেন। দুপুর দেড়টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ জিহাদুল ইসলাম বলেন, কারখানার চতুর্থ তলার মেঝে, ছাদ ও পঞ্চম তলার ছাদ ব্যবহার অনুপযোগী ঘোষণা করা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বলেন, ‘আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও মালিকদের একজন তাহসিন খান বলেন, চতুর্থ তলায় কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। তাই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই। অগ্নিকাণ্ডের কারণ রহস্যজনক। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার পক্ষ থেকে গতকাল একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।