আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন আতঙ্ক, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার নিউ এজ নামের একটি পোশাক কারখানায় আগুন-আতঙ্ক দেখা দেয়। হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অন্তত ১৫ শ্রমিক আহত হন। পরে কারখানায় ছুটি দেওয়া হয়।আশুলিয়া থানা ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে নিউ এজ কারখানার তিনতলার একটি সেলাই মেশিনে কাপড় জড়িয়ে বিকট শব্দ হয়। ওই মেশিন থেকে ধোঁয়া বের হতে থাকলে তিনতলার শ্রমিকদের মধ্যে আগুন-আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তে পুরো কারখানায় ‘অগ্নিকাণ্ডের’ খবর ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে শ্রমিকেরা তাড়াহুড়া করে কারখানার বাইরে যাওয়ার চেষ্টা করেন। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অন্তত ১৫ জন শ্রমিক আহত হন।কারখানার একজন কর্মকর্তা বলেন, কারখানায় আগুন না লাগার বিষয়টি নিশ্চিত হয়ে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। শ্রমিকেরা কাজ করতে রাজি না হওয়ায় গতকালের জন্য কারখানায় ছুটি দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শিল্প পুলিশ আশুলিয়া জোনের সহকারী পরিচালক এমদাদুল হক বলেন, আগুন-আতঙ্ক ছড়িয়ে পড়ার পর শ্রমিকেরা কারখানা থেকে বের হলেও উচ্ছৃঙ্খল আচরণ করেননি। এর পরও কারখানার আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছিল।