আশুলিয়ায় পোশাক কারখানায় আরও অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
রাজধানীর অদূরে আশুলিয়ার উত্তর বেড়ন এলাকার ইয়াগি বাংলাদেশ লিমিটেড নামের পোশাক কারখানার আরও অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বুধবার সকালে কাজ শুরু করার পর পরই এসব শ্রমিক অসুস্থ বোধ করতে থাকলে দ্রুত তাঁদের স্থানীয় নাইটিঙ্গেল মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।এদিকে, দ্বিতীয় দিনের মতো শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ায় গতকাল কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ গতকালের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। এর আগে সোমবার রাতে খাবার খেয়ে এখানকার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। আশুলিয়ার জামগড়ার একটি হোটেল থেকে ওই খাবার সংগ্রহ করা হয়।জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করেন। কিছুক্ষণ পরই দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার অর্ধশত শ্রমিক বমি শুরু করেন। পরে তাঁদের হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়। নাইটিঙ্গেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুধু তাদের হাসপাতালেই গতকাল ৪৯ জন ভর্তি হয়েছেন।