আশুলিয়ায় পোশাক কারখানায় ডাকাতি
ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকার ইস্ট ওয়েস্ট স্যুটিং মিলস নামের একটি পোশাক কারখানায় গত বুধবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার দুই নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। ইস্ট ওয়েস্ট স্যুটিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশিদ বলেন, ডাকাতেরা রপ্তানির জন্য রাখা প্রায় এক কোটি টাকার পোশাক লুট করেছে।আশুলিয়া থানার পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দুইটার দিকে ৩০ থেকে ৩৫ জন ডাকাত ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ইস্ট ওয়েস্ট স্যুটিং কারখানায় হানা দেয়। ওই সময় কারখানার বিভিন্ন প্রান্তে ১০ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছিলেন।কারখানার নিরাপত্তাকর্মী হরিপদ দাস ও কামরুল ইসলাম জানান, ডাকাতেরা সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে সব নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে ফেলে। এরপর তালা ভেঙে কারখানায় ঢুকে কাপড় বের করে। পরে মুঠোফোনে কল করে দুটি ট্রাক এনে ভোর পাঁচটার দিকে চলে যায়। ডাকাতির ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক আজাদ হোসেন খান গতকাল বৃহস্পতিবার আশুলিয়া থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ আবদুর রব ও আবদুল মান্নান নামের দুই নিরাপত্তাকর্মীকে আটক করে।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান বলেন, ডাকাতির সঙ্গে প্রতিষ্ঠানের কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া ডাকাতি হওয়া কাপড় উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।