ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় স্কাইলাইন গ্রুপের একটি পোশাক কারখানার ভবনে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
পলাশবাড়ি এলাকায় স্কাইলাইন গ্রুপের স্কাইলাইন অ্যাপারেলস লিমিটেড ও গুড রিচ সোয়েটার নামে পাশাপাশি দুটি পোশাক কারখানা আছে। এর মধ্যে গুড রিচের আটতলা ভবনের দ্বিতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত দেয়ালে ও বিমের পাশে ফাটল দেখা দেয়।
শিল্প পুলিশ ও সাভার উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুড রিচ সোয়েটারের শ্রমিকেরা গতকাল সোমবার সকাল আটটার দিকে কাজে যোগ দেওয়ার ঘণ্টাখানেক পর ভবনটি হঠাৎ কেঁপে ওঠে। এ সময় সহস্রাধিক শ্রমিকের মধ্যে ভূমিকম্প-আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানা থেকে বের হয়ে যান। খবর পেয়ে শিল্প পুলিশ ও আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বিকাশ বিশ্বাসকে কারখানা পরিদর্শনের নির্দেশ দেন। ওই কর্মকর্তা পরিদর্শন করে ভবনে ফাটল দেখতে পান।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার কাউসার সিকদার বলেন, সম্প্রতি গুড রিচ সোয়েটারের ষষ্ঠ তলায় ভারী যন্ত্র স্থাপন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য তলায় আগে থেকেই ভারী যন্ত্র ছিল। গতকাল সকাল নয়টার দিকে এসব যন্ত্র একসঙ্গে চালু করার ফলে কারখানা ভবনে বড় ধরনের ঝাঁকুনির সৃষ্টি হয়। এর পরপরই শ্রমিকদের মধ্যে ভূমিকম্প-আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকেরা কারখানার ভেতরের বিভিন্ন অংশে ফাটল দেখতে পান। তিনি বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে কারখানা পরিদর্শন করে বিভিন্ন তলায় বিম-সংলগ্ন দেয়ালে চিড় দেখা গেছে। ষষ্ঠ তলায় এর পরিমাণ বেশি।
স্কাইলাইন গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) মনিরুজ্জামান বলেন, ভবনের বিভিন্ন তলায় সামান্য চিড় দেখা দেওয়ায় শ্রমিকদের মধ্যে যে আতঙ্ক দেখা দিয়েছে, তা দূর করতে বুয়েট ও অ্যাকর্ড প্রতিনিধিদলের সাহায্যে ভবনটি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএনও আবু নাসের বেগ বলেন, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বুয়েট ও অ্যাকর্ডের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।