আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, গাজীপুরে কর্মবিরতি
শ্রমিক বরখাস্তের প্রতিবাদে ঢাকার সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকার ম্যাগপাই নিটওয়্যার লিমিটেড কারখানাসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা ১২টি কারখানা ও ১০টি যানবাহনের কাচ ভাঙচুর করেছেন। শ্রমিকদের অবরোধে আবদুল্লাপুর-বাইপাইল সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন অন্তত ২০ শ্রমিক। এদিকে বার্ষিক বেতন বৃদ্ধি ও সাপ্তাহিক ছুটি শুক্রবার করাসহ বিভিন্ন দাবিতে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সারদাগঞ্জ এলাকার দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল কর্মবিরতি পালন করেন।আশুলিয়া থানার পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্র জানায়, ম্যাগপাই নিটওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ সোমবার তাদের কারখানার ১২তম তলা বন্ধ ঘোষণা করে। ওই তলার ১৫০ শ্রমিক তাত্ক্ষণিক এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন। এ ঘটনায় ভাঙচুর হয়েছে উল্লেখ করে ১২ শ্রমিককে বরখাস্ত করে কারখানা কর্তৃপক্ষ। গতকাল সকাল নয়টার দিকে শ্রমিকেরা কারখানায় গিয়ে বরখাস্তের নোটিশ দেখতে পান। এর প্রতিবাদে কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকেরা ওই এলাকার আইরিশ ফ্যাশন, মাসকট গ্রুপ, অ্যাকটিভ কম্পোজিট, লেদার গ্রুপ ও কন্টিনেন্টাল পোশাক কারখানাসহ ১২টি কারখানার কাচ ভাঙচুর করেন। সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকেরা আবদুল্লাপুর-বাইপাইল সড়কের ঘোষবাগ এলাকায় অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে শ্রমিকদের লাঠিপেটা করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকেরা এ সময় অন্তত ১০টি যানবাহনের কাচ ভাঙচুর করে। একপর্যায়ে পুলিশের তাড়া খেয়ে শ্রমিকেরা চলে যান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম কারখানা ও যানবাহনের কাচ ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুরের সারদাগঞ্জ এলাকার ডিবিএল গ্রুপের শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, দৈনিক ১০ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না, সাপ্তাহিক ছুটি বুধবারের পরিবর্তে শুক্রবার, বার্ষিক বেতন ১৫ শতাংশ বৃদ্ধি, শ্রম আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি, অতিরিক্ত কাজের মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে শ্রমিকেরা গত সোমবার বেলা ১১টা থেকে কর্মবিরতি শুরু করে। ডিবিএলের আট হাজার শ্রমিক গতকাল সকালে কারখানায় এসে কর্মবিরতি অব্যাহত রাখেন। কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) এস কে রফিকুল ইসলাম জানান, দুপুরে কারখানার চেয়ারম্যান এম এ ওয়াহিদ শ্রমিকদের কাজের মূল্যায়নের ভিত্তিতে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হয়ে বাড়ি চলে যান। এদিকে মণ্ডল গ্রুপের প্রায় সাত হাজার শ্রমিক গতকাল সকাল থেকে কর্মবিরতি পালন করে কারখানার প্রধান ফটকে সমাবেশ করে। খবর পেয়ে চক্রবর্তী ফাঁড়ি পুলিশ ও আর্মড পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।শ্রমিক হাফিজ উদ্দিন, জুলফিকার ও মাজেদা বেগম জানান, ‘আমরা ভাঙচুর চাই না। আমরা বেতন বৃদ্ধি এবং সাপ্তাহিক ছুটি সোমবারের পরিবর্তে শুক্রবার চাই।’ চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আজহারুল ইসলাম জানান, নিরাপত্তার জন্য দুটি কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।