আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ‘পাল গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন। শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিম্নমানের খাবার সরবরাহের প্রতিবাদে তাঁরা ওই বিক্ষোভ করেন। শিল্পাঞ্চল পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কয়েক মাস আগে কারখানার কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিম্নমানের খাবার সরবরাহ বন্ধের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে আশুলিয়া থানা ও শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে। পরে দুপুর দুইটার দিকে শ্রমিকেরা কাজে যোগ দেন। একই দাবিতে গত সোমবার দুপুরে দেড় হাজারেরও বেশি শ্রমিক কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। পরে কোনো সমঝোতা ছাড়াই কারখানা ছুটির পর তাঁরা বাড়ি চলে যান।শ্রমিকেরা অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে দুপুরে তাঁদের নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এ ছাড়া মিথ্যা অভিযোগে কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যাপারেই ব্যবস্থা নেয়নি।গতকাল সন্ধ্যায় শিল্পাঞ্চল পুলিশের আশুলিয়া অঞ্চলের পরিদর্শক মুখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল ওই কারখানায় গেলে নিরাপত্তাকর্মীরা এ প্রতিবেদককে বাধা দেন। ফলে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।