আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিকদের ভাঙচুর, আগুন
ঢাকার সাভারের আশুলিয়া থানার কাঠগড়া এলাকায় টেক্স টাউন নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার ব্যাপক ভাঙচুরের পর কারখানায় আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষের দাবি। কর্তৃপক্ষের ভাষ্য, বেতন দিতে দেরি হওয়ায় শ্রমিকেরা এই তাণ্ডব চালান।আশুলিয়া থানার পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, গতকাল শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। সব আনুষ্ঠানিকতা শেষ হলেও ঢাকার প্রধান কার্যালয় থেকে টাকা আসতে দেরি হয়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়। রাত আটটার দিকে কারখানা ভবনের পাঁচতলার শ্রমিকেরা কাজ বন্ধ করে নিচে নেমে আসে। এরপর কারখানার সব শ্রমিক মিলে কারখানাজুড়ে ব্যাপক ভাঙচুর চালান। কারখানার মূল্যবান যন্ত্র ও আসবাবসহ তাঁরা তিনটি যানবাহন ভাঙচুর করেন। শ্রমিকদের একটি অংশ নিরাপত্তা কর্মকর্তার কক্ষে আগুন ধরিয়ে দেন। অপর অংশ কারখানার ভেতর থেকে তৈরি পোশাক এনে কারখানার প্রধান ফটকের সামনে রেখে আগুন লাগান।পুলিশ জানায়, সাভার ফায়ার ব্রিগেডের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টার পর আগুন নেভান। আশুলিয়া থানার পুলিশ গিয়ে এতে সহযোগিতা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্রমিকেরা বাড়ি চলে যান।কারখানার ব্যবস্থাপক (লজিস্টিক) ফরিদুল হাসান জানান, আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে তীব্র যানজটের কারণে ঢাকা থেকে টাকার গাড়ি আসতে দেরি হয়। বিষয়টি বারবার বুঝিয়ে বলার পরও শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানায় ব্যাপক ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন। এতে কারখানার অন্তত সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, বেতন দিতে দেরি হওয়ায় শ্রমিকেরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান।