আশুলিয়ায় পোশাক কারখানায় সন্ত্রাসী হামলা, আটক ৩
ঢাকার সাভারের আশুলিয়ার খেজুরবাগ এলাকায় গতকাল সোমবার দুপুরে কৃস্টাল কম্পোজিট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় হামলা ও মালিকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় সন্ত্রাসীরা চারটি গুলি করে। কারখানার শ্রমিকেরা তিন সন্ত্রাসীকে আটক করে থানায় সোপর্দ করেছেন। ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে। আশুলিয়া থানার পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে স্থানীয় ইকবাল হোসেনসহ আরও কয়েকজনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী গতকাল সকালে কারখানা এলাকায় অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীরা কারখানার নিরাপত্তাকর্মীদের মারধর করে ভেতরে ঢোকে। তারা দুটি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে সন্ত্রাসীরা কারখানার মালিক ফিরোজ হোসেন ও তাঁর ভাই সেলিম হোসেনের কক্ষে গিয়ে ঝুট ব্যবসা তাদের হাতে দেওয়ার দাবি করে। ফিরোজ ও সেলিম এতে রাজি না হলে তাঁদের ওপর চড়াও হয়। এ সময় কিছু সন্ত্রাসী কারখানার ভেতরে ভাঙচুর চালায়। এ খবরে কারখানার ভেতরে কর্মরত শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করেন। শ্রমিকদের তাড়া খেয়ে সন্ত্রাসীরা আবারও দুটি গুলি ছুড়ে পালানোর সময় তিনজন শ্রমিকদের হাতে আটক হয়। তাঁরা হলেন: আশুলিয়ার পাড়াগাঁও এলাকার নূরুল আমিন (২৮), মো. সাঈদুর রহমান (২৫) ও আক্কাসকে (২৮)। তাঁদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। কারখানার মালিকদের একজন ফিরোজ হোসেন সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র ঝুট ব্যবসা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আমাদের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে। আমরা এতে রাজি না হওয়ায় গতকাল এ হামলা চালানো হয়।’ তিনি দাবি করেন, সন্ত্রাসীরা ক্যাশ থেকে শ্রমিকদের বেতনের ১১ লাখ টাকাও লুটে নিয়ে গেছে। এ ব্যাপারে তাঁর ভাই সেলিম হোসেন গতকাল আশুলিয়া থানায় মামলা করেছেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সময় শ্রমিকেরা তিন সন্ত্রাসীকে আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।