আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম পারিশ্রমিক পাঁচ হাজার টাকা, ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার, মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে পোশাকশ্রমিকেরা গতকাল শুক্রবার ঢাকার সাভারের আশুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।গতকাল বিকেলে আশুলিয়ার ডেন্ডাবর বাসস্ট্যান্ড এলাকার বটতলায় গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের আশুলিয়া শাখার উদ্যোগে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান, সমন্বিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি পরিষদের আহ্বায়ক তাসলিমা আক্তার প্রমুখ। বক্তারা দাবি মেনে না নিলে সব কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এর আগে আশুলিয়ার ওলি নিটওয়্যার লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক গতকাল সকাল আটটায় নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এক ঘণ্টার মানববন্ধনে শ্রমিকেরা তাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালসহ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধের দাবি জানান। শ্রমিকেরা জানান, ন্যায্য দাবি আদায় করতে গিয়ে ১৫ দিনে ওই কারখানার প্রায় অর্ধশত শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শুধু তাই নয়, ছাঁটাই করা শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হচ্ছে।