আশুলিয়ায় পোশাক শ্রমিকনেতা আটক
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার অঞ্চলের সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কর্মী আলী রেজা চৌধুরীকে পুলিশ আটক করেছে। পুলিশের ভাষ্যমতে, তাঁকে গতকাল শুক্রবার বিকেলে সাভারের পলাশবাড়ী এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি রিভলবার, দুটি গুলি ও পাঁচটি বোমা উদ্ধার করা হয়।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান প্রথম আলোর কাছে দাবি করেন, আলী রেজাকে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক ধরে নিয়ে যায়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, আশুলিয়ার বিভিন্ন পোশাকশিল্প কারখানায় বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল বিকেলে পলাশবাড়ী এলাকা থেকে আলী রেজাকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।