আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, গাড়ি ভাঙচুর
ঢাকার সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে তিনটি পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে গতকাল শনিবার অসন্তোষ দেখা দেয়। দুটি কারখানায় বকেয়া বেতনের দাবি ও দুই শ্রমিককে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে তাঁরা বিক্ষোভ করেন। বাসচাপা পড়ে একটি কারখানার শ্রমিকের মৃত্যুর ঘটনায় গাড়ি ভাঙচুর হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুলিয়া থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার দাদা সাভার নামে একটি পোশাক কারখানার শ্রমিক সংগঠনের সভাপতি রহিমা বেগম ও সাধারণ সম্পাদক সুমি আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। গতকাল ওই কারখানার শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে বিষয়টি জানতে পেরে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। দুপুর ১২টার দিকে কিছু শ্রমিক কাজে যোগ না দিয়ে বাড়ি চলে যান। পরে বেপজা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে বসে মীমাংসার চেষ্টা চালায়। আলোচনা ব্যর্থ হওয়ায় কর্তৃপক্ষ দুপুর দুইটায় কারখানা ছুটি ঘোষণা করলে অন্য শ্রমিকেরাও বাড়ি চলে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে বেপজার মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীর বলেন, নিয়মানুযায়ী তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর পরও শ্রমিকেরা বিক্ষোভ করায় কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আশুলিয়ার বেড়ন এলাকার এমজি এমব্রয়ডারি নামে একটি পোশাক কারখানার শ্রমিক মোহসিন (২৫) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার রাতেই তিনি মারা যান। এর প্রতিবাদে ওই কারখানার কয়েক শ শ্রমিক গতকাল সকাল ১০টার দিকে বেড়ন এলাকায় পাঁচটি বাস আটক করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করলে তাঁরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকার কারিন অ্যান্ড ফ্যাশন নামে অপর একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সকালে বিক্ষোভ করেন। পরে কোনো কাজ না করেই শ্রমিকেরা বাড়ি চলে যান। আনোয়ার হোসেন, রহমান ও আকলিমাসহ অনেক শ্রমিক জানান, এক মাসের বেতন পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধের কথা থাকলেও গতকাল তাঁদের বেতন দেওয়া হয়নি। এ কারণে তাঁরা গতকাল কর্মস্থলে এসে কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম কারিন অ্যান্ড ফ্যাশন কারখানার মালিকপক্ষের বরাত দিয়ে বলেন, আর্থিক সংকটের কারণে নির্ধারিত সময়ে বেতন দেওয়া সম্ভব হয়নি। ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। তিনি জানান, শ্রমিকেরা কারখানার ভেতরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের পর দুপুর ১২টায় বাড়ি চলে যান। তিনি দাদা সাভার ও এমজি এমব্রয়ডারিতে শ্রমিক অসন্তোষের বিষয়টিও নিশ্চিত করেন।