আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ফের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় গতকাল মঙ্গলবারও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। তবে কড়া পুলিশি প্রহরায় সব কারখানা চালু রাখা হয়।প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্র জানায়, শ্রমিকেরা সকাল আটটার দিকে জামগড়া এলাকার প্রীতি গ্রুপের একটি কারখানার সামনে অবস্থান নেন। এ সময় অন্য দুটি কারখানার শ্রমিকদের তাঁরা দলে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু ওই দুই কারখানার শ্রমিকেরা তেমন সাড়া না দেওয়ায় শ্রমিকেরা নাভা নিট নামের একটি কারখানার দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শ্রমিকদের ধাওয়া করলে তাঁদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লে-অফ ঘোষণায় বিক্ষোভ: নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার ফতুল্লায় শ্রমিক অসন্তোষের ঘটনায় রূপসী গার্মেন্টস লে-অফ ঘোষণা করায় গতকাল শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। শ্রমিকদের অভিযোগ, সকালে তাঁরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। পরে তাঁরা কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেএমইএ লেবার অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জি এম ফারুক জানান, গত ২৯ নভেম্বর থেকে ওই কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। তাঁরা কারখানার ভেতরে ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এর পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। বিস্ফোরণে আহত ৫: নারায়ণগঞ্জ প্রতিনিধি আরও জানান, ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরে অবস্থিত এন আর আর ফ্যাশন লিমিটেডে সকালে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পান্না, মরিয়ম বেগম, পারুল আক্তার, মালা বেগম ও জোছনা খাতুন আহত হন। বিস্ফোরণে তাঁদের শরীর ঝলসে গেলে তাঁরা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁদের উদ্ধার করে শহরের ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন-আতঙ্কে ১০ শ্রমিক আহত: সোনারগাঁ প্রতিনিধি জানান, উপজেলার তাজপুরের ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপে আগুন-আতঙ্কে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে সন্ধ্যায় ১০ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহ্ আলম জানান, সন্ধ্যা সাতটায় হঠাৎ করে আগুনের বিপৎসংকেত সাইরেন বেজে ওঠার পর গার্মেন্টস শাখায় কর্মরত শ্রমিকেরা ভবনের চারতলা থেকে দ্রুত নামতে গিয়ে এ ঘটনা ঘটে।