আশুলিয়ায় প্রকাশ্যে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার ডেন্ডাবরে ‘আমিন মডেল টাউন’ আবাসিক এলাকায় দিনেদুপুরে কয়েকজন মানুষের সামনে থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুই যুবক। মোটরসাইকেল নিয়ে পালানোর দৃশ্য গোপন ক্যামেরায় ধরা পড়েছে।আমিন মডেল টাউন কর্তৃপক্ষ জানায়, গত বুধবার দুপুর ১২টার দিকে দুই যুবক মডেল টাউনের ‘হান্নান ভিলা’র নিচতলা থেকে একটি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই ভবন থেকে ১০ গজ দূরে থাকা মোটরসাইকেলের মালিক অনুপ বিশ্বাসের স্ত্রী মোটরসাইকেলটি ধরে ফেলেন। এক যুবক তাঁকে লাথি মেরে ফেলে দিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালাতে থাকে। আবাসিক এলাকার ভেতরে আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের গোপন ক্যামেরায় ওই দৃশ্য দেখা যায়।স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রব্বানি আমিন বলেন, ‘মোটরসাইকেল নিয়ে পালানোর দৃশ্য দেখে উপস্থিত লোকজনসহ নিরাপত্তা কর্মীদের ছিনতাইকারীদের আটকের নির্দেশ দিই। আট-দশজন নিরাপত্তা প্রহরীর বাধা উপেক্ষা করে ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ‘মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। কাউকে আটক করা যায়নি।’