আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় গতকাল সোমবারও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এক কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য ও ১৫ শ্রমিক আহত হয়েছেন। অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে জামগড়া এলাকায় এনভয় গ্রুপের তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।আশুলিয়া থানার পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে কর্তৃপক্ষ রোববার রাতে এনভয় গ্রুপের এনভয় ফ্যাশন, এনভয় ডিজাইন ও মান্তা অ্যাপারেলস নামে তিনটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়। এরপর রাতেই কারখানা তিনটির মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।গতকাল সকাল আটটার দিকে এনভয় গ্রুপের প্রায় আট হাজার শ্রমিক কর্মস্থলে গিয়ে বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এরপর শ্রমিকেরা ওই এলাকার ওয়াশিং অ্যান্ড ডিজাইন লিমিটেড, দি গ্রিন লাইফ ও দি রোজ ড্রেস নামের তিনটি পোশাক কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে।এ পরিস্থিতিতে ওই কারখানা তিনটির শ্রমিকদের গতকালের জন্য ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ।এরপর শ্রমিকেরা রূপায়ণ এলাকায় গিয়ে জড়ো হয়। পুলিশ সেখানে গিয়ে ধাওয়া করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিপেটা শুরু করে। একপর্যায়ে পুলিশ পিছু হটে যায়। এই খবর পেয়ে জামগড়া এলাকা থেকে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন।পুলিশ জানায়, শ্রমিকদের ইটের আঘাতে আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিকেরা জানিয়েছেন, পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন ১৫ শ্রমিক।রূপায়ণ এলাকার বাসিন্দা আবদুল হান্নান অভিযোগ করেন, শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে আবাসিক এলাকার মধ্যে ঢুকে পড়লে পুলিশও তাঁদের পিছু নেয়। পুলিশ ফাঁকা গুলি করতে করতে তাঁর বাসায় হানা দিয়ে ভাড়াটেদের ২০টি কক্ষসহ তাঁর ঘরের চারটি জানালার কাচ ভেঙে দেয়। এ ছাড়া তাঁর ঘর থেকে পাঁচ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।তবে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, গতকাল পুলিশ কোনো গুলি ব্যবহার করেনি। লুটতরাজ ও ভাঙচুরের অভিযোগও মিথ্যা।