আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) ‘আমরা অ্যাপারেলস’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিত গতকাল বুধবার সকালে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাটিপেটা করলে ১৫ জন শ্রমিক আহত হন।আশুলিয়া থানা, শিল্পাঞ্চল পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন পরিশোধ না করেই ‘আমরা অ্যাপারেলস’ কর্তৃপক্ষ ১৫ মার্চ থেকে সাময়িকভাবে কারখানা বন্ধ ঘোষণা করে। এর আগে অবশ্য তারা ২১ মার্চ শ্রমিকদের বকেয়া বেতনসহ অন্যান্য ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছিল। কিন্তু গতকাল বকেয়া বেতন-ভাতা নিতে শ্রমিকেরা কারখানায় এলে সেটি বন্ধ দেখতে পান। এ সময় তাঁদের নজরে পড়ে, কর্তৃপক্ষের পক্ষ থেকে কারখানার ফটকে টাঙানো নতুন নোটিশে আগামী ১ এপ্রিল বেতন-ভাতা পরিশোধের ঘোষণা।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষণা অনুযায়ী সকাল আটটার দিকে প্রায় দুই হাজার শ্রমিক বেতন-ভাতার জন্য কারখানার সামনে জড়ো হন। কিন্তু মূল ফটকে বেতন পরিশোধের নতুন নোটিশ দেখে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এর পরও কোনো কর্মকর্তা সেখানে না আসায় সকাল নয়টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা মিছিল করে নবীনগর-বাইপাইল সড়কে যান। এ সময় তাঁরা ওই সড়কের দখল নিয়ে যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষ কোনো মাসেই নির্দিষ্ট সময়ে তাঁদের বেতন-ভাতা পরিশোধ করে না। দীর্ঘদিন ধরেই তাঁরা এক মাসের বেতন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধের দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ তা মানছে না। সর্বশেষ গত মাসের বেতন পরিশোধ না করেই ১৫ মার্চ কারখানা বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকেরা দাবি করেন, গতকাল পুলিশের লাঠিপেটায় তাঁদের অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে নারী শ্রমিকও আছেন। এদিকে কারখানা বন্ধ থাকায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে শিল্পাঞ্চল পুলিশ আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেসুর রহমান শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকেরা গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে তাঁদের হালকা লাঠিপেটা করে ছত্রভঙ্গ করা হয়।