বকেয়া বেতনের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার আশুলিয়ার গণকবাড়ী এলাকায় বিক্ষোভ করেছেন ইন্ট্রাকো সোয়েটার কারখানার শ্রমিকেরা। পরে কারখানা এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, দুই মাসের বকেয়া বেতন ও ভাতার দাবিতে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করে আসছিলেন ইন্ট্রাকোর শ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। গতকাল শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে বেতন পরিশোধের দাবি জানান। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা না বলে পুলিশ ডেকে এনে তাঁদের কারখানা থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে কারখানার সামনে এসে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা দুপুর ১২টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কে গিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
জানতে চাইলে শিল্প পুলিশ আশুলিয়া অঞ্চলের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, কারখানাটি ৬ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ৭ নভেম্বর কারখানা খোলার পর শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।