আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে ঢাকার আশুলিয়ায় ল্যান্ডমার্ক নিটিং কম্পোজিট নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কিছু সময়ের জন্য আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করেন।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মাসের বেতন না পেয়ে শ্রমিকেরা গতকাল বিকেলে কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন। এরপর তাঁরা কারখানার সামনে জড়ো হয়ে বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, গত মাসের বেতনের জন্য শ্রমিকেরা বিক্ষোভ করেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে তাঁদের বেতন পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দিলে শ্রমিকেরা চলে যান।