আশুলিয়ায় বন্ধ কারখানা খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধ পোশাক কারখানাগুলো গতকাল থেকে খুলেছে। কাজে ব্যস্ত পোশাকশ্রমিকেরা। ছবিটি গতকাল সাভারের আশুলিয়া এলাকার এনভয় ফ্যাশন গার্মেন্টস থেকে তোলা l সাজিদ হোসেন
বন্ধ পোশাক কারখানাগুলো গতকাল থেকে খুলেছে। কাজে ব্যস্ত পোশাকশ্রমিকেরা। ছবিটি গতকাল সাভারের আশুলিয়া এলাকার এনভয় ফ্যাশন গার্মেন্টস থেকে তোলা l সাজিদ হোসেন

ঢাকার আশুলিয়ায় বন্ধ পোশাক কারখানাগুলো গতকাল সোমবার খুলেছে। বেশির ভাগ শ্রমিকই সকাল আটটার মধ্যে দলে দলে নিজ নিজ কারখানায় কাজে যোগ দেন। ৯০ থেকে ৯৫ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আশুলিয়ায় গতকাল পরিস্থিতি ছিল শান্ত।
এদিকে আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে গত কয়েক দিনে বিভিন্ন কারখানা অনেক শ্রমিককে ছাঁটাই করেছে। পুলিশ বলেছে, ১ হাজার ৬১১ জন শ্রমিক সাময়িক বরখাস্ত হয়েছেন। তবে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর দাবি, ছাঁটাইয়ের সংখ্যা এত হবে না।
একাধিক শ্রমিক বলেছেন, যেসব শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের বেছে বেছে সাময়িক বরখাস্ত করছে কারখানা কর্তৃপক্ষ। তবে ছাঁটাইয়ের নোটিশে শ্রমিকদের বিরুদ্ধে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, কর্মকর্তাদের সঙ্গে তর্ক করা, সংগঠনের সঙ্গে জড়িত থাকা, মিথ্যা বলা, জুয়ায় আসক্ত হয়ে পড়াসহ বিভিন্ন ধরনের অভিযোগের উল্লেখ করেছে কারখানা কর্তৃপক্ষ।

>*৯০-৯৫ শতাংশ পোশাকশ্রমিক কাজে যোগ দিয়েছেন
* বিভিন্ন কারখানার ১,৬১১ শ্রমিককে সাময়িক বরখাস্ত!

ছাঁটাই হওয়া শ্রমিকদের বিশৃঙ্খলা না করতে পুলিশের পক্ষ থেকে গতকাল মাইকিং করা হয়। মাইকিংয়ে বলা হয়, ‘ছাঁটাই করা শ্রমিকেরা কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করবেন না। অন্যথায় আপনাদের আইনের আওতায় নিতে বাধ্য হবে পুলিশ। আর পুলিশের হাতে আটক হলে আপনি ও আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে।’
ঢাকা জেলার পুলিশ সুপার শাহমিজান শাফিউর রহমান সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় সাংবাদিকদের বলেন, ‘আজ (সোমবার) পর্যন্ত ২৫টি কারখানার ১ হাজার ৬১১ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এই শ্রমিকদের কেউ যদি মনে করেন তাঁকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে, তাহলে পুলিশের কাছে অভিযোগ করতে পারবেন। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে মালিকপক্ষকে বলে তাঁকে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করা হবে।’
জানতে চাইলে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান রাতে প্রথম আলোকে বলেন, ‘শ্রম আইন অনুযায়ী কারখানা কর্তৃপক্ষের শ্রমিক ছাঁটাইয়ের অধিকার আছে। তবে ভালো শ্রমিককে কখনোই কেউ ছাঁটাই করে না।’ ১ হাজার ৬১১ শ্রমিক ছাঁটাইয়ের বিষয়ে তিনি বলেন, ‘এত শ্রমিককে ছাঁটাই করা হয়েছে বলে আমাদের জানা নেই।’
আশুলিয়া ঘুরে দেখা যায়, সকালে বন্ধের নোটিশ তুলে ফেলে কারখানাগুলো খুলে দেওয়া হয়। শ্রমিকেরা সকাল আটটার মধ্যে হাজির হন কারখানার ফটকে। নিরাপত্তাকর্মীরা ছাঁটাইয়ের তালিকা দেখে শ্রমিকদের ভেতরে যেতে দেন। কারখানাগুলোর সামনে পুলিশ মোতায়েন ছিল। তবে মদিনা অ্যাপল নামে একটি কারখানা বন্ধ ছিল।
মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে টানা নয় দিন শ্রমিক আন্দোলনের পর গত মঙ্গলবার আশুলিয়ার ৫৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। পরদিন বন্ধ কারখানার সংখ্যা বেড়ে হয় ৫৯টি। পরে রোববার রাতে সংবাদ সম্মেলন করে বিজিএমইএর নেতারা গতকাল থেকে কারখানা খুলে দেওয়ার কথা জানান।
এদিকে আশুলিয়ার শ্রমিক আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার করা শ্রমিকনেতাদের মুক্তি ও পোশাকশ্রমিকদের মজুরি ১৬ হাজার টাকা করার দাবিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা-কর্মীরা গতকাল মানববন্ধন ও সমাবেশ করেছেন। রাজধানীতে বিজিএমইএ ভবনের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, শ্রমিকেরা পেটের দায়ে মজুরি বৃদ্ধির দাবিতে ও কারখানার ভেতরের নির্যাতনের প্রতিবাদে আন্দোলন করেছেন। তাঁদের আন্দোলন বেআইনি বা অযৌক্তিক নয়।
সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখ্তার বলেন, শ্রমিকদের নিম্নতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে পরিমাণ বেড়েছে, তাতে ওই টাকায় বেঁচে থাকা সম্ভব নয়। শ্রমিকেরা কী অবস্থায় আছেন, সেটি তাঁদের চেহারা দেখলেই বোঝা যায়। তিনি বলেন, মালিকেরা লোভ ও লাভের পরিমাণ একটু কমালেই শ্রমিকেরা ভালো থাকবেন।