আশুলিয়ায় বাবার কাছ থেকে শিশু পুত্র অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবাকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে শিশুপুত্রকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গতকাল সকাল সাতটার দিকে শত শত মানুষের সামনে ঘটনাটি ঘটেছে ঢাকার সাভারের আশুলিয়া থানার বগাবাড়ী এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে।অপহূত শিশুর নাম ইব্রাহীম (৮)। সে বগাবাড়ী এলাকার ব্যবসায়ী আবদুল লতিফের ছোট ছেলে এবং সাভার সেনানিবাসের ভেতরে অবস্থিত মর্নিং গ্লোরি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।পুলিশ জানায়, প্রতিদিনের মতো গতকাল সকালে ছেলে ইব্রাহীমকে নিয়ে স্কুলবাসের জন্য বগাবাড়ী এলাকায় আমেরিকান প্লাজার সামনে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশে অপেক্ষা করছিলেন বাবা আবদুল লতিফ। সকাল সাতটার দিকে একটি ব্যক্তিগত গাড়ি সেখানে থামিয়ে চার যুবক নেমে আসেন। এরপর তাঁরা হঠাৎ করে সিনেমার ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়েন আবদুল লতিফের ওপর। তাঁরা আবদুল লতিফকে কিল, ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে ইব্রাহীমকে দ্রুত গাড়িতে তুলে নিয়ে সটকে পড়েন। এ ব্যাপারে অপহূত শিশুটির মা শিরিন আক্তার বাদী হয়ে গতকাল আশুলিয়া থানায় মামলা করেছেন।আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহূত শিশুটি উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।