আশুলিয়ায় বাস-পিকআপের সংঘর্ষে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার মরাগাং এলাকায় আজ শনিবার বিকেলে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা তিনটার দিকে মরাগাং এলাকায় আবদুল্লাপুর-বাইপাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার জাকির হোসেন (২৫) ও ঘিওর এলাকার রেজাউল করিম (৪০)। তাঁরা দুজনই থাই অ্যালুমিনিয়ামে কাজ করতেন।

আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে, জাকির ও রেজাউল একটি পিকআপভ্যানের পেছনে বসে ঢাকা থেকে আশুলিয়ার বাইপাইল ফিরছিলেন। পিকআপভ্যানটি বেলা তিনটার দিকে মরাগাং এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তাঁরা দুজনই ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বাস ও পিকআপভ্যান দুটি আটক করেছে। চালক পলাতক। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।