আশুলিয়ায় বাসচাপায় দুই ভাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ঘোষবাগ এলাকায় গতকাল শনিবার সকালে বাসের চাপায় দুই সহোদর নিহত হয়েছেন। মানিকগঞ্জ-সাটুরিয়া সড়কের সাটুরিয়া উপজেলার কামতা এলাকায় সকালে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নন্দীচন্দমদু গ্রামের আবদুল মজিদ মিয়ার ছেলে ইয়াসির আরাফাত (২৭) ও সাদ্দাম হোসেন (২৪) আশুলিয়ার ঘোষবাগ এলাকার সিঙ্গাপুর পাইলিং সাউথ পয়েন্ট স্কিল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষকের চাকরি করতেন। থাকতেন রাজধানীর উত্তরা এলাকায়। গতকাল মোটরসাইকেলযোগে দুই ভাই উত্তরার বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে ঘোষবাগ এলাকায় পৌঁছালে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় উপস্থিত লোকজন বাসটি আটক করে এর চালককে গণপিটুনি দেন। আহত দুই ভাইকে স্থানীয় নাইটিঙ্গেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন এবং ইয়াসির আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পথেই আরাফাত মারা যান। ঘটনার পর আশুলিয়া থেকে সাদ্দামের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হচ্ছে।মানিকগঞ্জ-সাটুরিয়া সড়কের কামতা এলাকায় দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার বেংরোই গ্রামের সোহরাব উদ্দিন (৫৫) ও জুয়েল রানা (১৮)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, গতকাল সকাল আটটার দিকে সাটুরিয়া বাজার থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নছিমনের যাত্রী সোহরাব ঘটনাস্থলে এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর জুয়েল মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।