আশুলিয়ায় বাসচাপায় শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ-ভাঙচুর
সড়ক দুর্ঘটনায় এক সহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার সকালে নবীনগর-কালিয়াকৈর মহাসড়ক অবরোধ করে অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর চালিয়েছেন। এ সময় যানবাহনের ভাঙা কাচের আঘাতে যাত্রী ও পথচারীসহ অন্তত ৩০ জন আহত হন। অবরোধের কারণে সড়কটিতে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। আশুলিয়া থানার পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পার্ল গার্মেন্টসের অপারেটর সেলিম মিয়া (২৫) গতকাল সকাল সাড়ে আটটার দিকে হেঁটে বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। কারখানার সামনের নবীনগর-কালিয়াকৈর মহাসড়ক পার হওয়ার সময় নবীনগর থেকে গাজীপুরগামী পলাশ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-জ-১১-১০১৫) তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত সেলিম কুড়িগ্রামের রৌমারী উপজেলার কুতুব উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেলিমের মৃত্যুর খবরে দেড় হাজারেরও বেশি শ্রমিক কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে যাবাহন চলাচল বন্ধ করে দেন। এরপর ক্ষুব্ধ শ্রমিকেরা ওই সড়কের বাইপাইল থেকে ডেন্ডাবর পর্যন্ত এলাকায় থেমে থাকা অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর চালান। এ সময় যানবাহনের ভাঙা কাচের আঘাতে যাত্রী ও পথচারীসহ অন্তত ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রমিকদের অবরোধের কারণে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে সকাল সাড়ে আটটা থেকে ১০টা পর্যন্ত যাবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা ঘাতক বাস ও চালককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা বিক্ষোভ বন্ধ করে কারখানার ভেতরে চলে যান। এ সময় কারখানার ভেতরে বিশৃঙ্খলা এড়াতে কর্তৃপক্ষ গতকালের জন্য কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা বাড়ি চলে যান।মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, নিহতের চাচাতো ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে গতকাল আশুলিয়া থানায় মামলা করেছেন। মামলায় বাসচালককে আসামি করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।