আশুলিয়ায় বাসচালককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার শিমুলতলা এলাকায় সুভাষ সরকার (৫০) নামের এক বাসচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পকেটমারদের সঙ্গে যোগসাজশের অভিযোগ এনে কয়েকজন যাত্রী তাঁকে পেটান বলে পুলিশ জানিয়েছে।
এদিকে সাভারের জোড়পুল এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুটি লাশই গতকাল রোববার সকালে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সুভাষের বাড়ি আশুলিয়ার নয়ারহাট এলাকার গোপীনাথপুর গ্রামে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে মিরপুর ১২ নম্বর পর্যন্ত চলাচলকারী তিতাস পরিবহনের বাস চালাতেন।
আশুলিয়া থানার পুলিশ জানায়, গত শনিবার রাতে নবীনগর-কালিয়াকৈর সড়কে চলার সময় সুভাষের বাসে কয়েকজন যাত্রীর পকেটমারের ঘটনা ঘটে। পকেটমারদের সঙ্গে সুভাষের যোগসাজশ থাকার অভিযোগ এনে কয়েকজন যাত্রী নবীনগরে বাস থেকে নামিয়ে সুভাষকে শিমুলতলায় নিয়ে যান। সেখানে নেওয়ার পর এলোপাতাড়ি পেটানোর একপর্যায়ে সুভাষ অচেতন হয়ে পড়লে যাত্রীরা পালিয়ে যান।
এ ব্যাপারে নিহত ব্যক্তির ছোট ভাই কৃষ্ণ সরকার আশুলিয়া থানায় হত্যা মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাভারের জোড়পুল এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও সাদা-কালো চেকের টি-শার্ট। সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মশিউদ্দৌলা বলেন, ধারণা করা হচ্ছে লাশটি কোনো গরু ব্যবসায়ীর।