আশুলিয়ায় বাসের ধাক্কায় লেগুনা উল্টে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়া থানার পলাশবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় লেগুনা (হিউম্যান হলার) উল্টে নানি ও নাতিসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন। হতাহত ব্যক্তিরা সবাই লেগুনার যাত্রী। নবীনগর-কালিয়াকৈর সড়কের পলাশবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া যায়নি। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। অপর দুজন হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের রহিমা বেগম (৩৫) ও তাঁর নাতি আলমাস (আড়াই বছর)।আশুলিয়া থানার পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড থেকে লেগুনাটি যাত্রী নিয়ে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিল। পলাশবাড়ি এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস লেগুনার এক পাশে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনাটি উল্টে গিয়ে আবার সোজা হয়। এ সময় ওই পাঁচ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আহত সাতজনের মধ্যে জাকির হোসেনকে (১৮) সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রহিমার স্বামী আবদুল ওয়াহাবসহ পাঁচজন প্রাথমিক চিকিত্সা নেন। বাস ও লেগুনা নিয়ে চালকেরা পালিয়ে যান।আবদুল ওয়াহাব জানান, তাঁদের বহনকারী লেগুনাটি পলাশবাড়ি এলাকায় পৌঁছালে ওই যাত্রীবাহী বাসটি ডান দিকে এসে লেগুনার ডান পাশে সজোরে ধাক্কা দেয়। তাঁর স্ত্রী ও নাতিসহ নিহত সবাই ডান পাশে বসা যাত্রী। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় আবদুল ওয়াহাব বাদী হয়ে থানায় মামলা করেছেন। রহিমা ও আলমাসের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।