আশুলিয়ায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সাভারের আশুলিয়ার বারইপাড়া এলাকায় গতকাল রোববার বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় গিয়েও পুলিশের সহায়তা পায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।আশুলিয়া থানার পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বারইপাড়া মৌজার ৩৬ শতাংশ জমি নিয়ে বারইপাড়া গ্রামের মতিউর রহমানের সঙ্গে তাঁর ভাতিজা সোলায়মান খান, শাহ আলম, আফজাল খান ও শাহ করিমের বিরোধ দীর্ঘদিনের। বছর পাঁচেক আগে সোলায়মান ও তাঁর ভাইয়েরা ওই জমিতে টিনের ঘর নির্মাণ করে সেখানে বসবাস করাসহ তা ভাড়া দিয়ে আসছিলেন। গতকাল সকাল সাতটার দিকে মতিউর রহমান লোকজন নিয়ে ওই জমির ওপর নির্মিত বাড়িতে হামলা চালিয়ে ১৩টি ঘর ভাঙচুর করে চাল ও বেড়ার টিন লুট করে নিয়ে যান। এ সময় ওই সব ঘরের ভাড়াটিয়াদের মালামালও তছনছ করা হয়।আফজাল খান জানান, পৈতৃক সূত্রে তাঁরা চার ভাই ওই জমির মালিক। গতকাল সকাল সাতটার দিকে চাচাতো ভাই আজম খানের নেতৃত্বে অর্ধশতাধিক লোক ফের ওই বাড়িতে হামলা চালায় এবং ১৩টি টিনের ঘর ভেঙে চাল ও বেড়া নিয়ে যায়। তারা ভাড়াটিয়াদের মালামালও তছনছ করে। ঘটনার পরপরই প্রতিপক্ষের লোকজন ওই জমি দখল করে সেখানে সীমানাপ্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণ করে। এ সময় আশুলিয়া থানায় বারবার ফোন করেও পুলিশের কোনো সহায়তা পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে মতিউর রহমান বলেন, ‘পৈতৃক সূত্রে ওই ৩৬ শতাংশ জমির মালিক আমি। কিন্তু ভাতিজারা দীর্ঘদিন ধরে ওই জমিতে ঘর তৈরি করে তা ভোগদখল করে আসছে।’ লুটপাটের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘ঘর ভেঙে টিনের চাল ও বেড়া আমাদের বাড়িতে এনে রাখা হয়েছে। তারা চাইলে দিয়ে দেওয়া হবে।’ আশুলিয়া থানার দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুর মোরশেদ ঘর ভাঙচুর ও লুটপাটের কথা স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি আদালতে নিষ্পত্তিযোগ্য। কিন্তু আদালতে না গিয়ে জোর করে নালিশি সম্পত্তির দখল নেওয়াসহ বাড়িঘর ভাঙচুর আইনের দৃষ্টিতে অপরাধ। এ কারণে আফজাল খানকে বাদী করে থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা রজু হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।