আশুলিয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষ
ঢাকার আশুলিয়ায় গতকাল শনিবার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ঘটনার পর বিএনপির নেতা-কর্মীরা দুটি বাসে আগুন ধরিয়ে দেন। পুলিশের লাঠিপেটায় এবং অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ২৭ জন আহত হন। আগুনে পুড়ে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে মিজানুর রহমানের নেতৃত্বে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নবীনগর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় মিছিল থেকে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাঁদের ধাওয়া করে। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মিজানুর রহমানসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে দুপুর দেড়টার দিকে দলের নেতা-কর্মীরা আশুলিয়ার কবীরপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই বাসটি পুড়ে যায়। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুপুর দুইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ধামরাইগামী একটি বাস আশুলিয়ার বাইশমাইল এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক বাসটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এ সময় অগ্নিদগ্ধ হয়ে সাতজন এবং গাড়ির ভাঙা কাচের আঘাতে আরও কমপক্ষে ১০ জন আহত হন। অগ্নিদগ্ধ সাতজনকে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় সুমন (২৭) নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল রাত সাড়ে নয়টায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আশুলিয়ায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পুলিশ পাঁচজনকে আটক করেছে। পুলিশের ওপর হামলার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। গাড়ি ভাঙচুর ও পোড়ানোর ঘটনায়ও মামলা করা হবে।