আশুলিয়ায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষে আহত ২০
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গতকাল শনিবার সাভারের আশুলিয়া থানার নবীনগর এলাকায় বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পাঁচটি মোটরসাইকেলসহ পর্যটন করপোরেশনের রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করেছেন।পুলিশ, দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে মেজর (অব.) মিজানুর রহমানকে আহ্বায়ক করে আশুলিয়া থানা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর পরপরই সাভার বিএনপির নেতা-কর্মীরা মিজানুর রহমান ও সাভারের সাবেক সাংসদ দেওয়ান মো. সালাউদ্দিনের সমর্থনে দুই ধারায় বিভক্ত হয়ে পড়ে। আহ্বায়ক কমিটিকে অবৈধ ঘোষণা করে মো. সালাউদ্দিন সম্প্রতি কর্মী সম্মেলন করে আশুলিয়া থানাসহ ওই থানার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির পাল্টা কমিটি ঘোষণা করেন।জানা যায়, আশুলিয়া থানা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সদস্য সংগ্রহের জন্য স্থানীয় পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গতকাল শনিবার কর্মসূচি দেওয়া হয়। অপরদিকে, মো. সালাউদ্দিন ওই ইউনিয়নে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি দেন। এসব কর্মসূচি পালনের জন্য গতকাল সকাল থেকেই উভয় পক্ষের নেতা-কর্মীরা নবীনগর এলাকার পর্যটন করপোরেশনের রেস্তোরাঁ ‘জয়’-এ উপস্থিত হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে মিজানুর রহমান তাঁর সমর্থক নেতা-কর্মীদের নিয়ে রেস্তোরাঁর ভেতরে প্রস্তুতিমূলক বৈঠকে বসেন। বেলা ১১টার দিকে রেস্তোরাঁ থেকে বের হয়ে তাঁর সমর্থকেরা স্লোগান দিতে থাকেন। এর জবাবে সালাউদ্দিনের সমর্থকেরাও স্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জয় রেস্তোরাঁর ভেতরে গিয়ে ব্যাপক ভাঙচুর চালান। কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করেন তাঁরা। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে দৈনিক দিনকালের আশুলিয়া প্রতিনিধি নজরুল ইসলাম, জয় রেস্তোরাঁর প্রধান পরিবেশক মাসুদ হোসেন, সহকারী পাচক আবদুল মালেক, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি আবদুল মালেক, দলীয় কর্মী রেফাত উল্লাহ, মিজানুর রহমান, কামাল চৌধুরী ও মোজাফফর হোসেনসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় উপস্থিত অনেকেই দাবি করেন, সংঘর্ষ চলাকালে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এ ব্যাপারে সাবেক সাংসদ সালাউদ্দিন অভিযোগ করেন, মিজানুরের সমর্থকেরা তাঁর নেতা-কর্মীদের ওপর চড়াও হন এবং মিজান তাঁর নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এর পরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।তবে মিজানুর রহমান পাল্টা অভিযোগ করে বলেন, সালাউদ্দিনের সমর্থকেরাই তাঁর সমর্থকদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে তিনি নিজের পিস্তল দিয়ে গুলি ছোড়ার মতো করে সবাইকে ভয় দেখান। তবে কোনো গুলি ছোড়েননি। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মীর শাহীন শাহ পারভেজ জানান, দুই পক্ষের সংঘর্ষের সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।