আশুলিয়ায় বিক্ষিপ্ত সহিংসতা ১ জনকে ছয় মাসের কারাদণ্ড
ঢাকার আশুলিয়ায় গতকাল রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে দুজন প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই পোলিং এজেন্টসহ তিনজনকে আটক করেছে। এ ছাড়া কেন্দ্রে ঢুকে জোর করে ব্যালট পেপালে সিল মারার দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল আশুলিয়ার পাঁচটি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহাম্মেদ ভূঁইয়ার ছেলে সুমন ভূঁইয়া ও সদস্য প্রার্থী সাইফুদ্দিন আহামেদের সমর্থক মজিবর রহমান ঘোষবাগ এলাকার ধানমন্ডি রোটারি ক্লাব বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বাগিবতণ্ডার পর তাঁরা চলে যান। এর কিছুক্ষণ পর দেড় শতাধিক লোক ওই কেন্দ্রে হামলা চালায়। তারা কর্তব্যরত পুলিশকে মারধর করে। এ সময় ওমর ফারুক নামে এক কনস্টেবল গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আলী আশরাফ খান বলেন, ঘটনার পর পুলিশ জাফর কাজী ও মোবারক হোসেন নামে দুই পোলিং এজেন্টকে ধরে নিয়ে যায়। ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই পোলিং এজেন্টকে জরিমানা করে ছেড়ে দেওয়া হবে।এদিকে দুপুর আড়াইটার দিকে ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর নাসির প্রি-ক্যাডেট অ্যান্ড স্কুল কেন্দ্রে ঢুকে সাকিব নামে এক যুবক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারতে থাকেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদ হোসেন তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।এ ছাড়া সন্ধ্যায় পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রাম এলাকায়ও প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।