আশুলিয়ায় বিক্ষোভ, শ্রীপুরে উদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়া থানার জামগড়া এলাকার পলমল গ্রুপের সাফা সোয়েটার বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে গতকাল সোমবার কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন।কারখানার মহাব্যবস্থাপক ও উত্পাদন ব্যবস্থাপকের অপসারণসহ বেতন বিবরণী প্রদর্শনের দাবিতে তাঁরা মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। রাত আটটার দিকে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা শেষে সাত দিনের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। অন্যদিকে গাজীপুরের শ্রীপুরে তামিশনা গ্রুপের একটি কারখানায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ করে র‌্যাব ও পুলিশ মোতায়েন করেছে।আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার রাতে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়। কিন্তু বেতন দেওয়ার সময় নিয়মমাফিক তাঁদের বেতন বিবরণী দেওয়া হয়নি। শ্রমিকেরা বিবরণীর দাবি জানালে কর্তৃপক্ষ তা দিতে অপারগতা প্রকাশ করে।শ্রমিকেরা তাৎক্ষণিক এর প্রতিবাদ করে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আবদুর রাজ্জাক ও উৎপাদন ব্যবস্থাপক (পিএম) তোফাজ্জল হোসেনের অপসারণ দাবি করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কারখানার ভেতর অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু শ্রমিকদের বাধার কারণে তারা ভেতরে ঢুকতে ব্যর্থ হয়।জিএম আবদুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শ্রমিকদের বেতন বিবরণী না দেওয়ার অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেতন বিবরণীসহ জিএম ও পিএমের অপসারণের দাবিতেই শ্রমিকেরা গতকাল কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। সন্ধ্যায় পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠক হয়। ওই বৈঠকে মালিকপক্ষ দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে রাত আটটায় শ্রমিকেরা বিক্ষোভ বন্ধ করেন। এরপর কর্তৃপক্ষ কারখানাটি সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করে।অন্যদিকে গাজীপুরের শ্রীপুরে তামিশনা গ্রুপের একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ করে কারখানায় র‌্যাব ও পুলিশ মোতায়েন করেছে। শ্রমিকদের অভিযোগ, পূর্বঘোষণা ছাড়াই কর্তৃপক্ষ তাঁদের উৎপাদন মজুরি কেটে ঠকিয়েছে। পাওনা মজুরি থেকে বঞ্চিত হয়ে শ্রমিকেরা যাতে কোনো প্রতিবাদ করতে না পারেন, সে জন্য কর্তৃপক্ষ র‌্যাব-পুলিশ মোতায়েন করেছে।