আশুলিয়ায় বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় জিয়া পরিবারের জমি থেকে স্থাপনা উচ্ছেদ ও দখল নেওয়ার প্রতিবাদে গতকাল রোববার আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিয়েছে। এ সময় পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ববি, আব্বাস উদ্দিন, সুমন, মানিক, সোহরাব, সোবাহান ও মোহাম্মদ আলী। সাভার থানা পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, সাভার পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. রেফাত উল্যাহ গতকাল দুপুরে জিয়া পরিবারের জমি থেকে স্থাপনা উচ্ছেদ ও দখল নেওয়ার ঘটনার প্রতিবাদে সাভারের উলাইলে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। মানববন্ধন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় নেতা-কর্মীরা পুলিশকে ধাওয়া করার চেষ্টা করলে পুলিশ নয়জনকে গ্রেপ্তার করে। তাঁদের গতকাল বিকেলেই আদালতে পাঠানো হয়।