ঢাকার আশুলিয়ায় ভবনের ভাড়া পরিশোধ না করে মালিকপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গত মঙ্গলবার এক বিদেশিসহ দুই পোশাক কারখানার মালিককে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁরা আদালত থেকে জামিনে ছাড়া পান।
মালিক রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক জেসমিন হাসান। গ্রেপ্তার দুজন হলেন এস-২১ অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরশাদ মাথিয়া (বিদেশি) ও কে-২ কেজুয়াল নামে আরেকটি পোশাক কারখানার এমডি আবদুর রহমান।
জেসমিন হাসান গত মঙ্গলবার রাতে আশুলিয়া প্রেসকাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, তাঁর স্বামী আবুল হাসান ভূইয়া ও তিনি ২০০২ সালে আশুলিয়ার নরসিংহপুরে ৫০ শতাংশ জমি কেনেন। এর কয়েক মাস পর তাঁরা জমিতে চারতলা ভবন নির্মাণ করেন। ২০১৩ সালে তাঁর স্বামী মারা যান। এর আগে ২০০৭ সালে এস-২১ অ্যাপারেলসের কাছে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলা এবং কে-২ কেজুয়ালের কাছে চারতলা ভাড়া দেওয়া হয়। উভয় পক্ষের সম্মতিতে মাসিক ভাড়া নির্ধারণ করা হয় ৫ লাখ ২০ হাজার ৩০৮ টাকা। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে ভাড়া পরিশোধ করা হচ্ছে না। এ ঘটনায় ২০১৪ সালের ২ নভেম্বর তিনি (জেসমিন) বিজিএমইএর আরবিট্রেশন শাখায় অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৮ জানুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে আরবিট্রেশন কমিটির চেয়ারম্যান তৈয়বুর রহমান আরশাদ মাথিয়া ও আবদুর রহমানকে চুক্তি অনুযায়ী ভাড়া পরিশোধের নির্দেশ দেন। তবু ভাড়া পরিশোধ করা হয়নি।
জেসমিন হাসান বলেন, আরশাদ মাথিয়া ও আবদুর রহমান বিদেশে অধ্যয়নরত তাঁর একমাত্র ছেলে ও তাঁর বিরুদ্ধে আদালতে অন্তত ১০টি মিথ্যা মামলা করেছেন। এ কারণে তাঁর স্কুলের চাকরি চলে গেছে। ভবনের নিচতলায় তাঁর নিজের প্রতিষ্ঠানও বন্ধ করে দিতে হয়েছে। অথচ তাঁরা (দুই পোশাক কারখানার এমডি) ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলে তাঁর কাছে এক কোটি টাকা দাবি করে আসছিলেন। এসব বিষয়ে তিনি মঙ্গলবার রাতে আরশাদ, আবদুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন।
আশুলিয়া থানার পুলিশ জানায়, মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে নরসিংহপুরের ওই দুই পোশাক কারখানায় অভিযান চালিয়ে আরশাদ মাথিয়া ও আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ হেফাজতে থাকার সময় আরশাদ মাথিয়া ও আবদুর রহমানের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও পুলিশের বাধার কারণে সম্ভব হয়নি। এ ছাড়া অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ভবনের ফটকে গেলেও নিরাপত্তারক্ষীরা ভেতরে ঢুকতে দেননি।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান বলেন, প্রাথমিক তদন্তে জেসমিন হাসানের অভিযোগের সত্যতা পাওয়ায় দুজনকে গ্রেপ্তার করে গতকাল ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।