আশুলিয়ায় বিধবার ভবন গুঁড়িয়ে দিয়ে লুটপাট
ঢাকার সাভারের আশুলিয়ার ধলপুর এলাকায় গত রোববার দুপুরে সন্ত্রাসীরা এক বিধবার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে লুটপাট চালিয়েছে। একপর্যায়ে এলাকাবাসী ধাওয়া করলে সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে পালাতে থাকলে পুলিশ দুজনকে আটক করে। এ ব্যাপারে রোববার রাতে আশুলিয়া থানায় মামলা হয়েছে।পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ধলপুর এলাকার বিধবা রহিমা বেগম প্রায় এক যুগ আগে মনির হোসেনের কাছ থেকে আশুলিয়ার বাইপাইল মৌজায় ছয় শতাংশ জমি কিনে সেখানে বসবাস করে আসছেন। পেশায় নির্মাণশ্রমিকের সহযোগী রহিমা বেগম ঋণ নিয়ে বছর দুয়েক আগে ওই জমিতে একটি আধাপাকা ও একটি টিনের ঘর নির্মাণ করেন।রহিমা বেগম জানান, মাসখানেক আগে আশুলিয়ার কাঠগড়ার রুবেল আজাদ ওই জমি নিজের দাবি করেন, তবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। রোববার দুপুর ১২টার দিকে রুবেল ও বকুল ৩০ জন সন্ত্রাসী নিয়ে প্রথমে বাড়ির উঠানে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন, যেখানে লেখা রয়েছে, ‘ক্রয়সূত্রে এই জমির মালিক রুবেল আজাদ, জুনিয়র রিপোর্টার (নিউজ) এনটিভি’। এর পরই সন্ত্রাসীরা হামলা চালিয়ে আধাপাকা ভবনসহ টিনের ঘরটি ভেঙে লুটপাট চালাতে থাকে। এ সময় গ্রামের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেল ও বকুলকে আটক করে থানায় নিয়ে যায়।আটকাবস্থায় রুবেল আজাদ নিজেকে এনটিভির প্রতিবেদক দাবি করে বলেন, সম্প্রতি প্রকৃত মালিকের কাছ থেকে তিনি জমিটি কিনেছেন। এ কারণেই ওই জমি দখল করেছেন। বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়নি।তবে এনটিভির নিজস্ব প্রতিবেদক জাহিদুর রহমান বলেন, এই নামে তাঁদের কোনো প্রতিবেদক নেই। রুবেল ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাড়ি ভাঙচুর ও লুটপাটের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।