আশুলিয়ায় বিশৃঙ্খলা এড়াতে তিনটি পোশাক কারখানায় ছুটি
বিশৃঙ্খলা এড়াতে গতকাল রোববার ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার তিনটি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কারখানা তিনটি হচ্ছে সেতারা গার্মেন্টস লিমিটেড, সেড ফ্যাশন ও এ এম ডিজাইন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম তিনটি কারখানায় শ্রমিক অসন্তোষের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকালের জন্য কেবল সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেতারা গার্মেন্টসে এক শ্রমিকের চাকরিতে পুনর্বহালের দাবিতে গতকাল সকাল আটটার দিকে কারখানার কিছু শ্রমিক বিক্ষোভ করেন। বিশৃঙ্খলা এড়াতে কর্তৃপক্ষ সাড়ে নয়টার দিকে কারখানাটি ছুটি ঘোষণা করে। গত শনিবারও কারখানাটির শ্রমিকেরা একই দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। সকাল পৌনে ১০টার দিকে সেতারা গার্মেন্টসের কিছু শ্রমিক জামগড়া এলাকার সেড ফ্যাশনে গিয়ে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। সেড ফ্যাশন কর্তৃপক্ষও কারখানাটি ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বের হয়ে যান।