আশুলিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
ঢাকার সাভারের আশুলিয়া থানার ধলপুর এলাকায় গত রোববার রাতে মোক্তার হোসেন (২৭) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে মোক্তার হোসেন আশুলিয়ার শের আলী মার্কেটের নিজ দোকান থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেট কারে করে এসে কয়েকজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। তলপেটে গুলিবিদ্ধ হয়ে মোক্তার মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে মোক্তার হোসেনের স্বজনেরা রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। অস্ত্রোপচারের পর এখন তিনি অনেকটা সুস্থ আছেন।মোক্তারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। মোক্তার হোসেন স্থানীয় যুবদলের কর্মী। মোক্তার হোসেনের বাবা তৈয়ব আলী ব্যাপারী অভিযোগ করেন, ঘটনার পর থেকে কয়েক দফায় থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলেও থানা অভিযোগ নেয়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম গুলির ঘটনা নিশ্চিত করলেও লিখিত অভিযোগ না নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।