আশুলিয়ায় ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গতকাল মঙ্গলবার রাজধানীর অদূরে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকা থেকে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। আশুলিয়া থানার পুলিশ ও ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যবসায়ী বাবুল সরকার (৩৫) চুক্তির ভিত্তিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ভেতরে পেজার বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক কারখানা থেকে ঝুট কিনে আসছিলেন। এ নিয়ে একই এলাকার ঝুট ব্যবসায়ী ওমর ফারুক, তাঁর ভাই রওশন আলী ও জুলহাসের সঙ্গে বাবুলের বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল মঙ্গলবার সকালে বাবুলকে অপহরণ করা হয়েছে।বাবুলের ছোট ভাই আল মামুন অভিযোগ করেন, গতকাল সকাল নয়টার দিকে এলাকার জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি তাঁর ভাইকে বাসার বাইরে ডেকে নিয়ে যান। এরপর অন্য কয়েকজন সেখান থেকে তাঁকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। গতকাল রাত পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।আল মামুন আরও অভিযোগ করেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ওমর ফারুক ও রওশন আলী তাঁর ভাইকে নানা হুমকি দিয়ে আসছিলেন। অব্যাহত হুমকির মুখে বাবুল গত ২৮ জানুয়ারি আশুলিয়া থানায় তাঁদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁর ভাই অপহূত হলেন। এ ছাড়া, ভাই অপহরণ হওয়ার পর তিনি দুপুরে থানায় লিখিত অভিযোগ করলেও রাত নয়টা পর্যন্ত তা নথিভুক্ত করে তাঁকে উদ্ধারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এদিকে, গতকাল দুপুরে অনেকগুলো মোটরসাইকেলের মহড়া দিয়ে পেজার বাংলাদেশ লিমিটেড থেকে ছয় ট্রাক ঝুট বের করে নিয়ে যান রওশন আলী। রওশনের ভাই ঝুট নিয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি থাকার কারণেই তাঁরা গতকাল ঝুট নিয়ে গেছেন। তবে তিনি বাবুলকে অপহরণের কথা অস্বীকার করেন।এসআই আমিনুল ইসলাম জানান, তদন্তে গিয়ে তিনি অপহরণের সত্যতা পেয়েছেন। মা জোসনা বেগম তাঁকে জানিয়েছেন, পাওনা টাকা আদায়ের জন্য তাঁর ছেলে বাবুলকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে এর সঙ্গে ওমর ফারুক বা তাঁর ভাই রওশন ও জুলহাস জড়িত কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।