আশুলিয়ায় ব্যবসায়ীকে হত্যার অভিযোগ স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিজাম উদ্দিন (৩০) নামের এক পান ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার অভিযোগে গতকাল মঙ্গলবার নিহতের স্ত্রী আসমা আক্তার ও শ্যালক জামিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।আশুলিয়া থানার পুলিশ জানায়, নিজামের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা আজগর আলী গতকাল আশুলিয়া থানায় হত্যা মামলা করেছেন। মামলায় নিজামের স্ত্রী আসমা আক্তার, শ্যালক মিঠু ও জামিল এবং শ্বশুর আলী আজগরকে আসামি করা হয়েছে। এরপর আসমা ও জামিলকে গ্রেপ্তার করা হয়।নিহতের বাবা আজগর আলী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই তাঁর ছেলে ও বউয়ের সঙ্গে কলহ চলছিল। এর জের ধরে তাঁর ছেলেকে প্রায়ই মারপিট করা হতো। সোমবার রাতে পরিকল্পিতভাবেই শ্বশুরবাড়ির লোকজন নিজামকে হত্যা করে। তবে আসমা আক্তার দাবি করেন, সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়েন। ভোররাতের দিকে তিনি মারা যান। তাঁকে হত্যা করা হয়নি।মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, নিজামকে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।