আশুলিয়ায় ব্যাংক ডাকাতির মামলার বিচার শুরু
ঢাকার অদূরে আশুলিয়ার কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতির ঘটনায় করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ১ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। এর মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হলো।
ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান আজ বৃহস্পতিবার এই মামলার অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য করেন। পরে আদালতের পেশকার নারায়ণচন্দ্র সাহা প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, তদন্ত শেষে গত ১ ডিসেম্বর ১১ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর অভিযোগপত্র আমলে নেন আদালত। আজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো।
আসামিরা হলেন—বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আব্দুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ ওরফে সোহেল রানা। আসামিদের মধ্যে পলাশ পলাতক।
বাবুল, মিন্টু, উকিল হাসান ও শাজাহান বাদে অন্য আসামিরা জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত বছরের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটে। বাধা দিলে ওই ব্যাংকের কর্মচারীসহ আটজনকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। আসামিদের কাছ থেকে ব্যাংক থেকে লুটে নেওয়া ছয় লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেএমবির একাধিক সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।