আশুলিয়ায় ভাতিজার হাতে চাচা খুন
ঢাকার আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।আশুলিয়া থানার পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পাড়াগ্রামের প্রয়াত কালা মিয়ার পাঁচ ছেলের মধ্যে খ্যান্ত ব্যাপারী (৫০) সবার ছোট। ১৮ বছর বিদেশে থাকার পর পাঁচ বছর আগে দেশে ফেরেন তিনি। বিদেশে থাকা অবস্থায় তাঁর চার ভাই পৈতৃক সূত্রে পাওয়া তাঁর অংশের কিছু জমি বিক্রি করে দেন। দেশে ফেরার পর খ্যান্ত ব্যাপারী ভাইদের কাছ থেকে তাঁর অংশের জমি বুঝে নিতে চাইলে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস হলেও বিষয়টি মীমাংসা হয়নি।পুলিশ জানায়, সম্প্রতি খ্যান্ত ব্যাপারী তাঁর অংশের জমি দখলে নেওয়ার চেষ্টা করলে ভাইদের সঙ্গে বিরোধ চরম আকার ধারণ করে। গতকাল সকাল আটটার দিকে মধ্য পাড়াগ্রাম ব্যাপারীপাড়ায় বোরহানের চায়ের দোকানের সামনে জমি নিয়ে মেজ ভাই আবুল কাশেমের সঙ্গে তাঁর (খ্যান্ত ব্যাপারী) বাগিবতণ্ডা হয়। এ সময় কাশেমের ছেলে হযরত ব্যাপারী সেখানে গিয়ে চাচা খ্যান্ত ব্যাপারীর ডান পাঁজরে ছুরি দিয়ে আঘাত করেন। খ্যান্ত ব্যাপারী মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশে রওনা হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী চায়ের দোকানি বোরহান প্রথম আলোকে বলেন, খ্যান্ত ব্যাপারীকে ছুরিকাঘাত করার পর হযরত ও তাঁর বাবা দ্রুত সটকে পড়েন।নিহত খ্যান্ত ব্যাপারীর মেয়ে আইরিন আক্তার অভিযোগ করেন, তাঁর বাবা দীর্ঘদিন বিদেশে থাকায় চাচারা তাঁদের ঠকিয়েছেন। বিদেশ থেকে ফিরে তাঁর বাবা পাওনা বুঝে নেওয়ার চেষ্টা করায় চাচারা তাঁর ওপর ক্ষুব্ধ হন। এর জের ধরেই তাঁর বাবাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় হত্যা মামলা করেছেন আইরিন। মামলায় আবুল কাশেম, তাঁর স্ত্রী জমিলা বেগম, ছেলে হযরত ও হামিদকে আসামি করা হয়েছে।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।