আশুলিয়ায় ভোগান্তিতে দলিল দাতা-গ্রহীতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার সাবরেজিস্ট্রার গাজী আবু হানিফের অপসারণের দাবিতে গতকাল রোববার তাঁর কার্যালয় অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন দলিল লেখকেরা। একই দাবিতে এক মাস ধরে ধর্মঘট করছেন তাঁরা। এতে দলিলের দাতা-গ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছেন।
দলিল লেখকদের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১৯ সেপ্টেম্বর আবু হানিফ আশুলিয়ায় যোগদান করেন। যোগদানের পরপরই তিনি নানা অজুহাতে দাতা-গ্রহীতা ও দলিল লেখকদের হয়রানি করেন। বৈধ কাগজপত্র থাকার পরও ঘুষ ছাড়া তিনি কোনো দলিল নিবন্ধন করেননি। এসব কারণে ২২ সেপ্টেম্বর থেকে তাঁরা কাজ বন্ধ করে ধর্মঘট পালন করছেন।
গতকাল সকালে শতাধিক দলিল লেখক সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে অবস্থান নেন। বিকেল পাঁচটা পর্যন্ত তাঁরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় কার্যালয়ের কয়েকজন কর্মচারী ছাড়া বহিরাগত লোকজন বা নকলনবিশদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
বেলা দেড়টার দিকে আবুল কালাম নামের এক ব্যক্তি একটি দলিলের নকলের জন্য সাবরেজিস্ট্রি কার্যালয়ে আসেন। কিন্তু আন্দোলনরত দলিল লেখকেরা তাঁকে কার্যালয়ে ঢুকতে দেননি। এ সময় আলমগীর হোসেন নামের এক গ্রহীতা বলেন, ১৫ দিন ধরে তিনি জমি নিবন্ধনের জন্য আশুলিয়ায় আসছেন। কিন্তু দলিল লেখক ও সাবরেজিস্ট্রারের দ্বন্দ্বের কারণে তা সম্ভব হচ্ছে না।
বেলা আড়াইটার দিকে সাবরেজিস্ট্রার আবু হানিফকে তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি। কয়েকজন কর্মচারী ছাড়া নকলনবিশদের আসনগুলোও ছিল ফাঁকা। জানতে চাইলে অফিস সহকারী খুরশীদা বেগম বলেন, সাবরেজিস্ট্রার অসুস্থ। তাই তিনি আসেননি। এক প্রশ্নের জবাবে খুরশীদা বলেন, আগে প্রতি মাসে সব মিলিয়ে দুই থেকে তিন হাজার দলিল নিবন্ধন হতো। কিন্তু গত এক মাসে নিবন্ধন হয়েছে মাত্র ৩০০টির মতো দলিল।
আশুলিয়া সাবরেজিস্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, আশুলিয়া সাবরেজিস্ট্রি কার্যালয়ের অধীনে অন্তত ২০০ জন দলিল লেখক আছেন। তাঁরা গত এক মাসে অন্তত তিন হাজার দলিল লিখেছেন। অথচ এগুলো নিবন্ধন হচ্ছে না।
সাবরেজিস্ট্রার আবু হানিফের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি। জেলা রেজিস্ট্রার আবদুল জলিল বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারাই এ ব্যাপারে ব্যবস্থা নেবে।