আশুলিয়ায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে জলি আক্তার (২৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন৷ পুলিশ জলির স্বামী নবির হোসেনকে গ্রেপ্তার করেছে৷ এদিকে মানিকগঞ্জের দৌলতপুরে যৌতুকের টাকা না পেয়ে হোসনা বেগম (২৪) নামের আরেক গৃহবধূকে তাঁর স্বামী খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
পুলিশ ও প্রতিবেশীরা জানান, জলি আশুলিয়ার ঢাকারিয়া নামের একটি পোশাক কারখানার শ্রমিক ও নবির দিনমজুর ছিলেন৷ কয়েক মাস আগে নবির মাদকাসক্ত হয়ে পড়লে প্রায়ই স্ত্রীর কাছে টাকা দাবি করতেন৷ গতকাল সকালেও টাকা নিয়েই স্বামীর সঙ্গে ঝগড়া করে কর্মস্থলের উদ্দেশে রওনা হন জলি৷
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদূর যাওয়ার পরই নবির জলির পথরোধ করে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকলে ঘটনাস্থলেই ওই গৃহবধূ মারা যান৷ এ সময় লোকজন নবিরকে আটক করে পুলিশে দেন৷
পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে নবির বলেন, জলি পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন৷ বিষয়টি জানার পর রাগের মাথায় তিনি স্ত্রীকে ছুরিকাঘাত করেন৷ আশুলিয়া থানার ওসি বদরুল আলম বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নানা তথ্য পাওয়া যাচ্ছে৷
এদিকে দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রাম থেকে গতকাল সকালে গৃহবধূ হোসনার লাশ উদ্ধার করেছে পুলিশ৷ তিনি গ্রামের আবদুল আলিমের (৩২) স্ত্রী এবং গোবিন্দপুর গ্রামের খালেক মোল্লার মেয়ে। ঘটনার পর থেকে আলিম পলাতক।
পুলিশ এবং নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে প্রতিবেশীদের কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে হোসনার স্বজনেরা আলিমের বাড়িতে যান৷ তাঁরা ঘরের খাটে গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখলেও আলিম ছিলেন না৷ গতকাল সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে৷ ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷
হোসনার বড় ভাই মানিক মোল্লা অভিযোগ করেন, বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দিতে হোসনাকে চাপ দিচ্ছিলেন আলিম৷ টাকাটা না পেয়ে আলিমই তাঁর বোনকে খুন করেছেন৷
দৌলতপুর থানার ওসি এ এস এম সামছুদ্দিন বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে৷